নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি বৃদ্ধা মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন– কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মা-ছেলেকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
