২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ২৮, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

পল্টন ট্র্যাজেডি দিবসে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আলোচনা সভা

ফরিদগঞ্জ প্রতিবেদক :  ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন পাটোয়ারী ও পৌর জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম। ‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইউনূছ হেলাল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায়। সেদিনের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি আজও মানুষকে ব্যথিত করে। আমরা চাই, ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক। ‎বিশেষ অতিথি ও অন্য বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। লগি-বৈঠার হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ ও পরিবারের স্বজন হারানোর বেদনা কখনো ভোলার নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও কোনো মানুষকে হত্যা বা নির্যাতন করার অধিকার কারো নেই। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। ‎বক্তারা আরও বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার সঠিক ইতিহাস সংরক্ষণ, নিহতদের স্মরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং নিহতদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। ‎‎আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, তাদের পরিবার-পরিজনের ধৈর্যধারণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা ফরিদগঞ্জ প্রেসক্লাবের 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির নিউজ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।  সভায় সকল সাংবাদিকের বক্তব্য শেষে সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা–সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এ সিদ্ধান্ত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।  কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালবেলা প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়। সেদিন জরুরি সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হয়।  গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮ ঘটিকায় পুনরায় সাংবাদিক মো. মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ করে হুমকি ধমকি দেয়।  এছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধমকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন জখম করবে বলে হুমকি দেয়।  এদিকে, ফরিদগঞ্জে বিএনপির কমিটি নেই। কিন্তু, যাঁরা নেতৃত্বে আছেন তাদের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে আলাদা বা সম্মিলিতভাবে কার্যকরী উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারলে প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনঃবিবেচনার সুযোগ থাকবে বলে ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি সিদ্ধান্ত জানিয়েছেন।  সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খান স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা-পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খান ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খান, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্য-নির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার, তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ধানুয়া মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাও. ইসমাইল হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল হোসেন মিজি (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন এই প্রবীণ শিক্ষক। মাওলানা ইসমাইল হোসেন মিজি চাঁদপুর গ্রামের আরফান আলী মিজি বাড়ির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আসর নিজ বাড়ির সামনে অবস্থিত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

Scroll to Top