২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ১১, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

বিএনসিসির নতুন ক্যাডেট নিয়োগ পরীক্ষা হয়েছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ২০২৬ ব্যাচের নতুন ক্যাডেট নিয়োগ পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের অধীনে পরিচালিত কলেজটির বিএনসিসি প্লাটুনের নতুন ক্যাডেট নিয়োগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কলেজের একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, ধৈর্য ও সহনশীলতা যাচাইয়ের জন্য উচ্চতা পরিমাপ, পুশ-আপসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন কলেজের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) প্রভাষক মাঈন উদ্দিন গাজী এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োজিত সামরিক প্রশিক্ষক মো. নাজিম আহমেদ (স্টাফ সার্জেন্ট)। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমাদের কলেজের বিএনসিসি প্লাটুন ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ প্লাটুনের ক্যাডেটরা প্রতিবছর বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা বিকাশের পাশাপাশি দেশসেবার এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই।” কলেজের পিইউও প্রভাষক মাঈন উদ্দিন গাজী বলেন, “সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশের সেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত, যোগ্য ও আত্মবিশ্বাসী তরুণদের বেছে নিচ্ছি। বিএনসিসির প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, ভারী যানবাহন ঢুকলেও নির্বিকার প্রশাসন 

মো. ইয়াছিন পালোয়ান :  ফরিদগঞ্জ বাজারে ভারী যানবাহন প্রবেশে পৌরসভার নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে একটি ভারী পণ্যবাহী গাড়ি। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, যাত্রী ও সাধারণ মানুষ। এ ঘটনায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।  রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পৌরসভার জারি করা জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজার এলাকায় পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন প্রবেশ এবং পণ্য লোড-আনলোড নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে বাজারজুড়ে মাইকিং করে বিষয়টি জানানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মালবাহী গাড়িটি বাজারে প্রবেশ করে। এতে বাজারের যাত্রীবাহী যান চলাচল ব্যাহত হয় এবং অসংখ্য মানুষ যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন।  পৌরসভার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কীভাবে নিষিদ্ধ সময়ে ভারী গাড়ি বাজারে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ঘাটতি রয়েছে কী না—সে প্রশ্নও উঠছে। তাহলে কি পৌরসভার নিষেধাজ্ঞা শুধু বিজ্ঞপ্তি আর মাইকিংয়েই সীমাবদ্ধ, নাকি বাস্তবে তা কার্যকর করতে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে?

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

অভিনয়ে জেলায় প্রথম গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের আরিশা যাচ্ছে বিভাগে

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় বিভাগে চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জের ক্ষুদে শিক্ষার্থী আরিশা ইসলাম জারিন। জেলা পর্যায়ে সেরা হয়ে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।  আরিশা ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আরিশা ইসলাম জারিন ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের পরান বেপারী বাড়ির জহিরুল ইসলাম ও তাছলিমা আক্তারের একমাত্র মেয়ে। রোববার (১১ অক্টোবর) চাঁদপুর জেলা কালচারাল অফিসার ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার সদস্য সচিব দিতি সাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩, ৪ ও ৫ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে আরিশা ইসলাম জারিন। নির্বাচিত প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে উপজেলা পর্যায়ের অভিনয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে আরিশা।  ধারাবাহিক এ সাফল্যে আরিশাকে তার শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকরা অভিনন্দন জানিয়েছেন।   আরিশার এ গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানান। গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন বলেন, গত ৩১ বছর ধরে এ অঞ্চলে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। তিনি আরও জানান, একই প্রতিযোগিতায় মাদ্রাসা শাখা থেকে তিনটি বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারাও জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবে। 

আজকের সংবাদ, চাঁদপুর, জাতীয়

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ক্ষুদে শিল্পী নাজিয়ার দুটি সাফল্য 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : জাতীয় পর্যায়ের দুটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী নাজিয়া বিনতে নজরুল। ‘গানের বুলবুল’ প্রতিযোগিতায় দশম এবং সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অষ্টম স্থান অর্জন করেছে ঢাকার হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের এই ক্ষুদে শিক্ষার্থী। গত ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বপ্নসিঁড়ির আয়োজনে ‘গানের বুলবুল’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর ভিডিও বাছাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ২৩ জনকে নির্বাচিত করা হয়। চূড়ান্ত পর্বে সরাসরি অংশ নিয়ে নাজিয়া সেরা দশে দশম স্থান অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এদিকে, গত ১০ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে ক্বেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায়ও অংশ নিয়ে নাজিয়া সেরা দশে অষ্টম স্থান অর্জন করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরী দক্ষিণের ১৩টি জোনের মাধ্যমে চারটি গ্রুপে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ২২৪ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। দুই বিষয়ে চারটি করে গ্রুপ থেকে মোট ৮০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, শিল্পী সাইফুল্লাহ মানছুর, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি ও সম্পাদক জাকির আবু জাফর এবং শিল্পী তাফাজ্জল হোসেন খানসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। নাজিয়া বিনতে নজরুলের বাবা মো. নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে রিলিজিয়ন কাউন্সেলিং অফিসার হিসেবে কর্মরত। অল্প বয়সেই জাতীয় পর্যায়ের দুটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপযুক্ত পরিচর্যা, নিয়মিত অনুশীলন ও পরিবারের উৎসাহ পেলে নাজিয়া ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনে আরও ভালো করবে। তার এ সাফল্য শিশুদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top