২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ৩, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, বিশেষ সংবাদ

নতুন উদ্দীপনায় বিডি ক্লিন চাঁদপুরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিবেদক : নতুন উদ্দীপনা, নতুন কর্মপরিকল্পনা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর জেলা সদস্য সম্মেলন-২০২৬। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়াম, ষোলঘরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বিডি ক্লিনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা। এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন চাঁদপুরের উপদেষ্টা ও রসুইঘর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জাহিদ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, বিডি ক্লিন চাঁদপুরের উপদেষ্টা ও চর্যাপদ সাহিত্য একাডেমি মহাপরিচালক রফিকুজ্জামান রনি, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান, হেড অব আইটি অ্যান্ড মিডিয়া আদনান সামি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন চট্টগ্রামের বিভাগীয় সহ-সমন্বয়ক রফিকুল ইসলাম রনি, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত সমন্বয়ক মোহাম্মদ বোরহান মিয়াজী, বিডি ক্লিন চট্টগ্রামের অতিরিক্ত সমন্বয়ক জুবায়ের সিয়াম এবং বিডি ক্লিন চাঁদপুরের অতিরিক্ত সমন্বয়ক আছিয়া আক্তার মিথিলা-সহ বিডি ক্লিনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা। সম্মেলনে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত সেরা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম, পরিচ্ছন্নতা আন্দোলনে অবদান ও সংগঠনের প্রতি দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরেও এ কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীরা জানান, এ সম্মেলনের মাধ্যমে বিডি ক্লিন চাঁদপুরের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় নিয়ে দিনব্যাপী এ সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, স্বাস্থ্য

ফরিদগঞ্জে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা ক্যাম্পেইন

মো. ইয়াছিন পালোয়ান :  চাঁদপুরের ফরিদগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং চরমান্দারী যুব সংঘের সার্বিক সহযোগিতায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।  ক্যাম্পেইনে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবৃদ্ধির স্থান চিহ্নিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা ও অর্জিত জ্ঞান যাচাই করতে একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও কলম উপহার দিয়ে উৎসাহিত করা হয়। আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজের মধ্যে এ সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।  ক্যাম্পেইন থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

নজরুল বর্ষে গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা মাদরাসার সাফল্য 

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :  নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসা। প্রতিযোগিতায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা ৪টি বিভাগে প্রথম, ১টি বিভাগে দ্বিতীয় এবং ২টি বিভাগে তৃতীয় স্থান অর্জন করে তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে। বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। ​প্রাপ্ত ফলাফলে দেখা যায়, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল শাখার ‘খ’ গ্রুপ থেকে গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিশা ইসলাম অভিনয় প্রতিযোগিতায় উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ​অন্যদিকে, মাদ্রাসা ইবতেদায়ী শাখার ‘খ’ গ্রুপে মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী জারিন আক্তার ইসলামী সংগীত ও হামদ-নাত প্রতিযোগিতায় এবং একই শ্রেণির ছাত্রী সাকিব্বুন্নার কবিতা আবৃত্তিতে প্রথম স্থান লাভ করে। ​মাদরাসা দাখিল শাখার ‘ক’ গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার বিথি কবিতা আবৃত্তিতে দ্বিতীয় এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়া দাখিল ‘খ’ গ্রুপে তাহিয়া আক্তার ইসলামী সংগীতে তৃতীয় স্থান অধিকার করেছে। উল্লেখ্য, একই গ্রুপের রচনা প্রতিযোগিতার ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ​এর আগে গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে উত্তীর্ণ সেরা প্রতিযোগীদের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। ​শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে তাদের আরও সাফল্য কামনা করেন। ​উপজেলা পর্যায়ের বাঁধা পেরিয়ে সফল এই বিজয়ী শিক্ষার্থীরা চলতি মাসেই অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

আজকের সংবাদ, চাঁদপুর

ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাঁদপুরে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম সকদি এলাকার সাহেব বাজারের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই এলাকার মিজি বাড়ির বাসিন্দা সেফায়েত উল্যার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাচ্ছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top