ফরিদগঞ্জে জাল টাকা দিয়ে কেনাকাটার অভিযোগে আটক চার নারী
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে জাল টাকা দিয়ে কেনাকাটার অভিযোগে চার নারীকে আটক করেছেন স্থানীয় এক দোকানদার। রোববার (১৮ অক্টোবর) বিকেলে কেনাকাটার পর জাল টাকা দিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বোরকা পরিহিতা ওই চার নারী গল্লাক বাজারের বিভিন্ন দোকানে গিয়ে কেনাকাটা শুরু করেন। কেনাকাটার পর টাকা লেনদেনের ধরন ও তাদের তাড়াহুড়ো দেখে এক দোকানদারের সন্দেহ হয়। পরে তিনি তাদের পিছু নেন। এসময় তারা বাজার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া করে টোরা মুন্সিরহাট সংলগ্ন বদরপুর এলাকা থেকে চারজনকেই আটক করতে সক্ষম হন ওই দোকানদার। পরে আটক চার নারীকে গল্লাক বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বাজার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক নারীরা ভিন্ন ভিন্ন ও অসংলগ্ন বক্তব্য দেন বলে জানা গেছে। এতে তাদের কথাবার্তা নিয়ে উপস্থিত বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে আটক নারীদের পরিচয়, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জাল টাকার পরিমাণ এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।



