২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ১২, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, সর্বশেষ

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর শিক্ষার্থীদের সাফল্য 

ফাতেমাতুজ জান্নাত :  চাঁদপুর সদর উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছয়টি পুরস্কার অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চাঁদপুর শাখার শিক্ষার্থীরা। কিরাত, হামদ-নাত ও আজান—এই তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে মাদরাসাটির চার শিক্ষার্থী এ সাফল্য অর্জন করে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর সদর উপজেলার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কিরাতের ‘ক’ গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রথম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুস্তাফিজ দ্বিতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশফাক এলাহী দ্বিতীয় স্থান লাভ করে। হামদ-নাতের ‘খ’ গ্রুপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহমাদ বিন কবির দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, আজান প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে আব্দুল্লাহ আল মামুন এবং ‘খ’ গ্রুপে ইশফাক এলাহী দ্বিতীয় স্থান অর্জন করে। মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন বলেন, “আমাদের শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইসলামী সংস্কৃতি চর্চা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন এ ধরনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপপরিচালক মো. সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর সদরের ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জ খাদ্যগুদামের অনুমতি ছাড়াই গাছ কেটে নিলো প্রহরী

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা খাদ্যগুদামের পূর্ব পাশে সীমানাপ্রাচীর সংলগ্ন দুটি কাঁঠালগাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে ফেলার অভিযোগ উঠেছে গুদামের প্রহরী ফরিদের বিরুদ্ধে। প্রহরী ফরিদ নিজেই গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, তিনি লাকড়ির জন্য গাছ দুটি কেটেছেন।  সরেজমিনে দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলা খাদ্যগুদামের পূর্ব পাশে সীমানা প্রাচীর সংলগ্ন দুটি কাঁঠালগাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে খাদ্য অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গাছ দুটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের প্রহরী ফরিদ বলেন, “আমি লাকড়ির জন্য গাছ দুটি কেটেছি।” তিনি আরও স্বীকার করেন, “কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছ দুটি কেটেছেন।”  এ বিষয়ে ফরিদগঞ্জ খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক  মো. জামাল উদ্দিন বলেন, “বিষয়টি আগে জানতাম না। আপনার মাধ্যমে জানতে পেরেছি এবং ঘটনাটি দেখেছি। এ বিষয়ে নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম বলেন, “আমি বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, “আমি এখন আপনার মাধ্যমে জানতে পেরেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”  সরকারি প্রতিষ্ঠানের গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তারা।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

নবজাতকদের উপহার সামগ্রী প্রদান করেছে চান্দ্রা বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা 

টিটু হোসেন :  গ্রাহকসেবার পাশাপাশি পারিবারিক আনন্দ ও সৌহার্দ্য ভাগাভাগি করে নিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চান্দ্রা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে আরডিএস (RDS) বিনিয়োগ গ্রাহকদের নবজাতক সন্তানদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ গ্রাহকদের পরিবারের নতুন অতিথিদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করা হয়। নবজাতকদের জন্য উপহার সামগ্রী প্রদান গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং সম্পর্ককে আরও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চান্দ্রা বাজার এজেন্ট আউটলেটের প্রোপাইটর জনাব মোক্তার আহম্মদ খন্দকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবাকে আরও মানবিক ও গ্রাহকবান্ধব করে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্রাহকসেবার পাশাপাশি গ্রাহকদের পারিবারিক আনন্দে অংশীদার হওয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন ব্যাংকের গ্রাহকরা। 

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী দিলেন পাইকপাড়া দক্ষিণের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল 

টিটু হোসেন : তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম পারভেজ।  পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে ফুটবল খেলার জন্য বুট জুতা উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের গ্রাম ও নিজ বাড়ির ছোটদের আবদারে তাদের হাতেও তুলে দিয়েছেন ফুটবল ও জার্সি। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই তার এই উদ্যোগ। তিনি মনে করেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। তরুণদের ভালো কাজে উৎসাহিত করার জন্য সামান্য কিছু করতে পারলেও নিজের কাছে অনেক আনন্দ লাগে। তাদের মুখের হাসি ও খেলাধুলার প্রতি আগ্রহ আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকেরা যদি নিজ নিজ অবস্থান থেকে তরুণদের খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে স্থানীয় পর্যায়ে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি, নতুন খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগ সমাজের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক পথে এগিয়ে নিতে প্রয়োজন পরিবার, সমাজ ও সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টা। তরুণদের হাতে মাদকের পরিবর্তে ফুটবল, অপরাধের পরিবর্তে খেলাধুলা—এমন ইতিবাচক প্রত্যাশা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় তার। ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার এই উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে কতটা ভূমিকা রাখবে, তা নির্ভর করবে ভবিষ্যতে এমন কার্যক্রমের ধারাবাহিকতা ও সম্প্রসারণের ওপর।

Scroll to Top