২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ১৫, ২০২৬

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

রোববার–বৃহস্পতিবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মালবাহী যান চলাচল, ভোগান্তি বাড়ছে

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে ভারী মালবাহী যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। প্রশাসনের নির্ধারিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব যানবাহন চলাচলের অভিযোগ উঠেছে। এতে ব্যস্ত সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদগঞ্জ সদরের মজিদিয়া আলিয়া মাদরাসা মার্কেটের সামনে ভারী যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের সামনে, ভান্ডারী মহল, তালুকদার প্লাজা ও থানার মোড় এলাকায়ও যানজটের সমস্যা দেখা যায়। বিশেষ করে ইয়াছিন হার্ডওয়্যারের সামনের সড়কে নিয়মিত যানজট লেগে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের মতে, উপজেলা সদরের এসব এলাকায় যানজটের সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে ব্যস্ত সময়ে ভারী মালবাহী যানবাহন চলাচলের কারণে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে পথচারীদের চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও ধীরগতি দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নির্ধারণ করা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, নির্ধারিত সময়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে বাজারের দিন (রোববার ও বৃহস্পতিবার) প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

১৫নং রূপসা ইউনিয়নের বেহাল সড়ক পরিদর্শনে এমপি এম.এ হান্নান

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেহাল সড়ক পরিদর্শন করেছেন সংসদ সদস্য এম.এ. হান্নান। এ সময় তিনি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকা রাস্তা, এখনো সড়ক আইডির আওতায় না আসা পথ এবং কাঁচা রাস্তা পাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগব্যবস্থার সমস্যার কথা শোনেন। স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব সড়কের বেহাল দশার কারণে মানুষের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে যে ভোগান্তি তৈরি হচ্ছে, তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন তিনি। যেসব রাস্তার এখনো সরকারি সড়ক আইডি হয়নি, সেগুলো নতুন করে আইডিভুক্ত করার উদ্যোগ গ্রহণ এবং সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার বিষয়ে আশ্বাস দেন এমপি এম.এ. হান্নান। একই সঙ্গে কাঁচা রাস্তাগুলো কীভাবে পর্যায়ক্রমে পাকা করা যায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশ উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন সংসদ সদস্য। স্থানীয় সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য টিপু কন্ট্রাক্টর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিপনসহ স্থানীয় নেতাকর্মীরা। পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের অবহেলিত সড়কগুলোর উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা সমাধানের বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

ফরিদগঞ্জ দক্ষিণে ৩নং ওয়ার্ডে সাখাওয়াত পাটোয়ারীর জনসংযোগ

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন পাটোয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জনসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসংযোগকালে সাখাওয়াত হোসেন পাটোয়ারী স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন, সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জনসংযোগ কার্যক্রমে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করা হয়।

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

চাঁদপুরে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ অনুদান এমপি মানিকের 

এস.এম তাইয়্যেব :  চাঁদপুরের নাজিরপাড়ায় স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরের নাজিরপাড়া আন নাজির আইডিয়াল মাদরাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টের চেয়ারম্যান নাজমা রহমান এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহমান জিলানী পিএইচডি প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রহমান জিলানী পিএইচডি বলেন, স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এ সংস্থাটি বিশেষ করে বার্ধক্য, প্রতিবন্ধকতা ও রোগব্যাধির কারণে সৃষ্ট চরম দারিদ্র্য এবং সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করে। রহমান জিলানী পিএইচডি চাঁদপুরের নাজিরপাড়ার বাসিন্দা এবং চাঁদপুর সরকারি কলেজের মসজিদের জন্য ভূমিদাতা চুন্নু মিয়ার সুযোগ্য সন্তান। স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের সমন্বয়ে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শৈশবের স্মৃতিচারণ করে বলেন, নাজিরপাড়ার সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। এখানে তাঁর বোনের বাড়ি রয়েছে। বর্তমান মাদরাসার মাঠে আগে পুকুর ছিল। শৈশবে সেখানে খেলাধুলা করতেন এবং গোসল করতেন। রহমান জিলানী পিএইচডির ভাইয়ের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক ছিল। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রহমান জিলানী পিএইচডির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তাঁর ফাউন্ডেশনেও যাওয়া হয়নি। বর্তমানে যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন। এসময় কাবিখা থেকে নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের ইমাম ও খতিব এবং আন নাজির আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক। অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে খলিল গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার মাঝিসহ জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ১২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি দুই পর্বে সঞ্চালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ হারিস উদ্দিন দেওয়ান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী। সভাপতির সমাপনী বক্তব্যে রহমান জিলানী পিএইচডি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন নাজির ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসার ২ শিক্ষার্থী চাঁদপুরে প্রথম

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :  নজরুল বর্ষে চাঁদপুর জেলায় গৃদকালিন্দিয়া মহিলা আলিম মাদরাসার জারিন প্রথম, সাকিবুন নাহার দ্বিতীয়। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে জারিন আক্তার ও আরিশা ইসলাম জারিন।  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার দুই শিক্ষার্থী। নজরুল সংগীতে প্রথম ও হামদ-নাতে দ্বিতীয় স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জারিন আক্তার। একই প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে একই শ্রেণির শিক্ষার্থী সাকিবুন নাহার। নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় জারিন আক্তার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর জেলা কালচারাল অফিসার ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার সদস্যসচিব দিতি সাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নজরুল সংগীতে প্রথম ও হামদ-নাতে দ্বিতীয় স্থান অর্জন করে জারিন আক্তার। অন্যদিকে, কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে সাকিবুন নাহার। আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে উপজেলা পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেছিল জারিন তারা ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষার্থীদের এ সাফল্যে তাদের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের  তাদের অভিনন্দন জানিয়েছে।  জারিনের গৌরবোজ্জ্বল অর্জনে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়েও জারিনের সাফল্য কামনা করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল বাতেন বলেন, গত ৩১ বছর ধরে এ অঞ্চলে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণকে প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। তিনি আরও জানান, একই প্রতিযোগিতায় গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন শাখার শিক্ষার্থীরাও অভিনয় বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আরিশা ইসলাম জারিন। 

Scroll to Top