২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেহাল সড়ক পরিদর্শন করেছেন সংসদ সদস্য এম.এ. হান্নান। এ সময় তিনি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকা রাস্তা, এখনো সড়ক আইডির আওতায় না আসা পথ এবং কাঁচা রাস্তা পাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগব্যবস্থার সমস্যার কথা শোনেন।

স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব সড়কের বেহাল দশার কারণে মানুষের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে যে ভোগান্তি তৈরি হচ্ছে, তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন তিনি। যেসব রাস্তার এখনো সরকারি সড়ক আইডি হয়নি, সেগুলো নতুন করে আইডিভুক্ত করার উদ্যোগ গ্রহণ এবং সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার বিষয়ে আশ্বাস দেন এমপি এম.এ. হান্নান। একই সঙ্গে কাঁচা রাস্তাগুলো কীভাবে পর্যায়ক্রমে পাকা করা যায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশ উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন সংসদ সদস্য। স্থানীয় সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য টিপু কন্ট্রাক্টর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের অবহেলিত সড়কগুলোর উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা সমাধানের বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top