২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ১৪, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ. হান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আলহাজ্ব এম.এ. হান্নান বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে সবাইকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”  তিনি আরও বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতা ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির বাস্তবায়ন, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা শফিউল বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা ডাঃ পরেশ চন্দ্র পাল, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে শাহ আলম শেখ, মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবু পাটওয়ারী।  সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্য, পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। এ জন্য নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, ফরিদগঞ্জ উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

গাজীপুর আহমাদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসায় ফাযিল ৩য় বর্ষের দোয়া ও বিদায় অনুষ্ঠান 

রাকিবুল ইসলাম :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুর আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা গিয়াসউদ্দিন সর্দার, মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সানাউল্লাহ ও ইংরেজি প্রভাষক মাঈনুল ইসলাম মানিক।  বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান শুধু ব্যক্তিজীবনের সফলতার জন্য নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। একজন আদর্শ শিক্ষার্থীই আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নানা স্মৃতি ও শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ, মাদরাসার উত্তরোত্তর উন্নতি এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। 

Scroll to Top