২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ২০, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে এমপি এম.এ হান্নান

আলাউদ্দীন বিন সিদ্দিক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে মাঠপর্যায়ে সরেজমিন পর্যবেক্ষণ ও মতবিনিময় শুরু করেছেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান। মঙ্গলবার(২০ অক্টোবর) উপজেলার বালিথুবা পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পর্যবেক্ষণকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনেন এবং মতবিনিময় করেন। এসময় সংসদ সদস্য বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পর্যবেক্ষণ ও মতবিনিময়কালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মুন্সী, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক আলী হারেস মিয়াজী, ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াসুদ্দিন, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার, ২নং বালিথুবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিফাত হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

আগুনে শেষ মাথা গোঁজার ঘর, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস 

‎ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : ‎জীবিকার তাগিদে প্রায় বছরখানেক আগে প্রবাসে পাড়ি দেওয়া স্বামী মো. রিয়াদ হোসেন অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন। ধার-দেনা করে অবুঝ সন্তানদের নিয়ে বসবাসের জন্য ছোট একটি নতুন ঘর নির্মাণ করে দুই সন্তানের জননী পপি বেগম বসবাস শুরু করেন। একই সঙ্গে পরিবারের বড় মেয়ে ৭ বছরের ফাতেমা আক্তার স্কুলে যাওয়া শুরু করে। সীমিত আয়ে হলেও পরিবারটির জীবনসংসার ভালোই চলছিল।  প্রতিদিনের মতো সোমবার (১৯ অক্টোবর) রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডে সবার ঘুম ভেঙে যায়। আগুনের লেলিহান শিখায় টিকে থাকতে না পেরে পরনের কাপড় নিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে পড়েন। ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুই রক্ষা করা যায়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।  ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া গ্রামের খাসের বাড়িতে।  হাউমাউ করে কেঁদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পপি বেগম বলেন, আমার ৭ বছরের মেয়ে ফাতেমা ও ৩ বছরের ফারাজ খানকে নিয়ে সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত ১টার দিকে আগুনের তীব্র তাপে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সন্তানদের নিয়ে ডাকচিৎকার করে একখণ্ড কাপড়ে বেরিয়ে পড়ি। স্থানীয়রা এবং পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভালেও কিছুই রক্ষা করা যায়নি। আমি নিঃস্ব হয়ে শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমার স্বামী সৌদি প্রবাসে থাকলেও অবৈধভাবে অবস্থান করার কারণে রোজগার করতে পারেন না। আমরা এখন কী খাব, শিশু সন্তানদের নিয়ে কোথায় থাকব, ভেবে পাচ্ছি না। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. কামরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও কিছুই রক্ষা করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, এই পরিবারটি একেবারেই দরিদ্র। আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে বসবাস ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। আমাদের পক্ষ থেকে তাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি অনুরোধ করছি, এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আপাতত শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মহিউদ্দিনের ওপর হামলা

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে আটটায় ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  জানা যায়, হামলার পর সাংবাদিক মহিউদ্দিনকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করে জানান, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর একাধিকবার হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাংবাদিকের ওপর হামলা ও তাঁকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।  হামলার সুনির্দিষ্ট কারণ, অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Scroll to Top