২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ১৩, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

ফরিদগঞ্জে হুফফাজের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আলাউদ্দীন বিন সিদ্দিক :  চাঁদপুরের ফরিদগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফরিদগঞ্জের ধানুয়া আল জামিয়াতুল আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা ৫, ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে যোগ্যতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন বলেন, পবিত্র কুরআনের হিফজ সংরক্ষণ, বিশুদ্ধ তিলাওয়াত চর্চা এবং হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কুরআন হিফজের প্রতি আগ্রহ বাড়বে এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। তিনি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু হানিফ। সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আবু হানিফ বলেন, শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি, হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী হাফেজদের উৎসাহিত করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দেয়। তিনি প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুরআনের খেদমতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর, সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান কাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বহা খান, অর্থ সম্পাদক মুফতি নজরুল ইসলাম জিহাদী, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দিক ও দপ্তর সম্পাদক মাওলানা আকরাম হুসাইনসহ স্থানীয় আলেম, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন মাদরাসার প্রতিনিধিরা।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জে অফিসে যাওয়ার পর নিখোঁজ বীমা কর্মী প্রীতম, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে মো. সারোয়ার উদ্দিন ওরফে প্রীতম (৩১) নামে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কর্মী নিখোঁজ হয়েছেন। তিনি ফরিদগঞ্জ শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার বাবা মো. লিয়াকত আলী (৬৩) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন সারোয়ার উদ্দিন। পরে তার অফিসের এক সহকর্মী ফোন করে তার বাবাকে জানান, সারোয়ার অফিসে নেই। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন তার বাবা। নিখোঁজ প্রীতমের বাবা ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একজন সাবেক শিক্ষক।  অভিযোগে নিখোঁজ সারোয়ার উদ্দিন প্রীতমের শারীরিক বর্ণনা দেওয়া আছে এভাবে—তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পরনে ছাই রঙের গেঞ্জি ও কালো প্যান্ট ছিল কেউ তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।  এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “নিখোঁজের একটা অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের আলোকে জোর পদক্ষেপে অনুসন্ধান চলছে। তবে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুসন্ধান চলমান।” 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

তিন দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন এমপি আলহাজ্ব আবদুল হান্নান

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবদুল হান্নান আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনের সফরে ফরিদগঞ্জ উপজেলায় অবস্থান করবেন। সফরকালে তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়, আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় অংশগ্রহণ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি ঢাকা থেকে ফরিদগঞ্জে নিজ বাসভবনের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্সে উপজেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দুপুর ১২টায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও সমন্বয় সভায় যোগ দেবেন। পরে দুপুর ২টায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করবেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজ বাসভবনে এলাকার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন সংসদ সদস্য। বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কার্যসূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

ফরিদগঞ্জে ইসলামী শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪২ বিজয়ীকে সনদপত্র প্রদান 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতায় ক্বিরআত, কবিতা আবৃত্তি, রচনা, উপস্থিত বক্তৃতা, আযান, হামদ-না’ত ও ইসলামী জ্ঞানসহ মোট ছয়টি ইভেন্টে দুটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৪২ জন বিজয়ীর হাতে সনদ তুলে দেওয়া হয়। বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এতে উপজেলার প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, “একবার কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর অনেকেই নিজেকে আরও উন্নত করার চেষ্টা বন্ধ করে দেন। এতে তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে পড়েন। কিন্তু একটি প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই শেষ কথা নয়; বরং এটি সামনে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা। নিজেদের মেধা ও দক্ষতা বিকাশে নিয়মিত চর্চা করতে হবে। জেলা পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতা আরও শাণিত করার সুযোগ রয়েছে। তাই বিজয়ীদের আত্মতুষ্টিতে না ভুগে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি যারা এবার বিজয়ী হতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে।” তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাকসুদ আমিন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদগঞ্জ শাখার চারটি অঞ্চলের চারজন কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জে আন্তঃউপজেলা বিতর্ক উৎসবে প্রথম দিনে ১৪ দলের অংশগ্রহণ

আবদুল বাতেন :  ‘তর্কে নয়, যুক্তিতেই জয়’—স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হয়েছে আন্তঃউপজেলা বিতর্ক উৎসব ২০২৬। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে বিতর্ক  উৎসবের উদ্বোধন করা হয়। প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের পাঁচটি বিভাগে ১৪টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আনিসুর রহমান বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর পাশাপাশি যুক্তিবাদী হতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি উপজেলা পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতার এই সময়ে শিক্ষার্থীদের আরো গতিশীল ও দক্ষ এবং বাস্তববাদী চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিতর্ক উৎসবের পরবর্তী পর্বে আগামী শনিবার আরও ১৪টি দল প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, গঠনমূলক বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও উৎসাহিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদরাসার সভাপতি হলেন সাংবাদিক শাহাদাত

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও দেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক মো. শাহাদাত হোসেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডের সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।   কমিটিতে মো. শাহাদাত হোসেনকে সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে মাদরাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া আনোয়ার হোসেনকে অভিভাবক সদস্য এবং সৈয়দা আয়শা খাতুনকে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে। প্রজ্ঞাপনে এডহক কমিটির মেয়াদের মধ্যেই বিধি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পরীক্ষায় প্রতিষ্ঠানের ফলাফল গুণগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক করা এবং মাদরাসার সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।     এ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শাহাদাত হোসেনের পারিবারিক ও আবেগের সম্পর্কও রয়েছে। তার মরহুম পিতা একসময় প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সময়ের পরিক্রমায় এবার একই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পেলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর শাহাদাত হোসেন বলেন, “যে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব একদিন পালন করেছিলেন আমার মরহুম পিতা, সময়ের পরিক্রমায় আজ সেই প্রতিষ্ঠানের দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। বাবার স্মৃতি ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করে যেতে চাই।” নতুন দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার দিলেন নবাগত সভাপতি রেজাউল করিম 

এস.এম তাইয়্যেব :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বিদ্যালয়ে একটি ল্যাপটপ ও প্রিন্টার দিয়েছেন নবাগত সভাপতি অ্যাডভোকেট মো. রেজাউল করিম জিল্লু। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে এসব উপকরণ প্রদান করেন। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর মাঝে কেডস জুতা বিতরণ করেন তিনি। বিতরণকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শ্রেণি-কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্যও উৎসাহিত করেন তিনি। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রতিষ্ঠানের নবাগত সভাপতি রেজাউল করিম জানান। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

২ লাখ টাকা বায়না, ৯ মাসেও রেজিস্ট্রি নেই—ফরিদগঞ্জে ভবনে তালা! 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে বায়নাকৃত সম্পত্তির মালিকানা ও রেজিস্ট্রি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এসময় একটি বহুতল ভবনের মূল ফটকে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।  সরেজমিনে জানা যায়, উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারের বাসিন্দা মিজানুর রহমানের একটি বহুতল ভবন ও সম্পত্তি কেনাবেচার চুক্তি নিয়ে এ বিরোধের সূত্রপাত। অপর পক্ষ শরীফুল ইসলামের দাবি, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তিনি ওই সম্পত্তি কেনার জন্য দুই লাখ টাকা বায়না করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সম্পত্তির বিষয়ে কথা বলতে শরীফুল ইসলাম পাটওয়ারী বাজারের উত্তর মাথায় অবস্থিত মিজানুর রহমানের ভবনের সামনে যান। এসময় মিজানুর রহমানের ছেলে মোস্তফার সঙ্গে শরীফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরীফুল ভবনের মূল ফটকে তালা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। মিজানুর রহমানের ছেলে মোস্তফা অভিযোগ করে বলেন, “সন্ধ্যায় আমি আমার দোকানে বসে ছিলাম। হঠাৎ শরীফুল এসে আমার বাবার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তারা লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালান এবং আমাকে মারধর করেন। এসময় আমার মোটরসাইকেল ও দোকানের ক্যাশে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। আমার ভগ্নিপতি ও বাজারে থাকা আত্মীয়স্বজনদেরও মারধর করা হয়েছে। আমরা বায়নার টাকা ইতোমধ্যে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি।”  অন্যদিকে শরীফুল ইসলাম বলেন, “প্রায় ৯ মাস আগে মিজানুর রহমান তার সম্পত্তি বিক্রির প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসেন। সম্পত্তিটি ইউসিবি ব্যাংকে বন্ধক ছিল। বায়না করার পর থেকে তিনি বারবার রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিলেও তা সম্পন্ন করেননি। আমরা ঢাকায় ব্যবসা করি। বারবার আসা-যাওয়ায় আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। দীর্ঘ ৯ মাস অপেক্ষা করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে সমাধানের উদ্দেশ্যে ভবনে তালা দিয়েছি। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের লক্ষ্যে ভবনের চাবি পাটওয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

‎ফরিদগঞ্জে নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  ‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।  ‎এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম।  ‎নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার ভূমিসংক্রান্ত সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাফল্য প্রত্যাশা করেন। ‎

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতামূলক মহড়া 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর উপজেলা প্রশাসন ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আতঙ্ক নয়, প্রয়োজন পূর্বপ্রস্তুতি। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে দুর্যোগের সময় কী করণীয়, তা সম্পর্কে জানতে হবে। ফায়ার সার্ভিসের দেওয়া মহড়া আমাদের বাস্তব জীবনে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে। দুর্যোগ থেকে বাঁচতে আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দুর্যোগের ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারর মো. আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Scroll to Top