ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে বায়নাকৃত সম্পত্তির মালিকানা ও রেজিস্ট্রি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এসময় একটি বহুতল ভবনের মূল ফটকে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
সরেজমিনে জানা যায়, উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারের বাসিন্দা মিজানুর রহমানের একটি বহুতল ভবন ও সম্পত্তি কেনাবেচার চুক্তি নিয়ে এ বিরোধের সূত্রপাত। অপর পক্ষ শরীফুল ইসলামের দাবি, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তিনি ওই সম্পত্তি কেনার জন্য দুই লাখ টাকা বায়না করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সম্পত্তির বিষয়ে কথা বলতে শরীফুল ইসলাম পাটওয়ারী বাজারের উত্তর মাথায় অবস্থিত মিজানুর রহমানের ভবনের সামনে যান। এসময় মিজানুর রহমানের ছেলে মোস্তফার সঙ্গে শরীফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরীফুল ভবনের মূল ফটকে তালা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
মিজানুর রহমানের ছেলে মোস্তফা অভিযোগ করে বলেন, “সন্ধ্যায় আমি আমার দোকানে বসে ছিলাম। হঠাৎ শরীফুল এসে আমার বাবার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তারা লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালান এবং আমাকে মারধর করেন। এসময় আমার মোটরসাইকেল ও দোকানের ক্যাশে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। আমার ভগ্নিপতি ও বাজারে থাকা আত্মীয়স্বজনদেরও মারধর করা হয়েছে। আমরা বায়নার টাকা ইতোমধ্যে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি।”
অন্যদিকে শরীফুল ইসলাম বলেন, “প্রায় ৯ মাস আগে মিজানুর রহমান তার সম্পত্তি বিক্রির প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসেন। সম্পত্তিটি ইউসিবি ব্যাংকে বন্ধক ছিল। বায়না করার পর থেকে তিনি বারবার রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিলেও তা সম্পন্ন করেননি। আমরা ঢাকায় ব্যবসা করি। বারবার আসা-যাওয়ায় আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। দীর্ঘ ৯ মাস অপেক্ষা করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে সমাধানের উদ্দেশ্যে ভবনে তালা দিয়েছি।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের লক্ষ্যে ভবনের চাবি পাটওয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
