২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ৭, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আক্তার হোসেন, হাইমচর প্রতিবেদক :  চাঁদপুরের হাইমচরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর অঞ্চলের সহযোগিতায় এবং হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মধ্যচর সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লা কান্দি যুব সমাজকল‍্যাণ সংঘ নুরুল হক মঞ্জিলা জুনিয়র হাই স্কুল (এমজেএসকেএনএলএম জুনিয়র হাইস্কুল) এর শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লা, নীলকমল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ, কমিটির সহ-সভাপতি মো. মোশারফ হোসেন এবং সদস্য স্বপন কুমার সরকার। এছাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, এমজেএসকেএনএলএম জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল আজিম, সমাজসেবক আব্দুল হক মোল্লা, সমাজকর্মী মহসিন উদ্দিন দুদু মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; পাশাপাশি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ বলেন, বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনো পরিবারে বাল্যবিবাহের পরিস্থিতি তৈরি হলে অভিভাবকদের ডেকে বোঝানোর মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে এলাকার মুরুব্বিদের মাধ্যমে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, যারা মাদক বিক্রি করে এবং সেবন করে– গোপনে ৩৩৩ ফোন দিয়ে নিজের পরিচয় গোপন রেখে তাদেরকে ধরিয়ে দিন।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা পড়াশোনা করে এই চর থেকে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, এটাই আমাদের প্রত্যাশা।  চরাঞ্চলে মাদকের বিস্তার রয়েছে। তাই শিক্ষার্থীদের মাদকের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একজন শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইভটিজিং প্রতিরোধেও শিক্ষক, সমাজসেবী ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মেয়েরা যাতে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকেও সবাইকে নজর রাখার কথা বলেন তিনি। আলোচনা শেষে বিভিন্ন শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আজকের সংবাদ, চাঁদপুর, প্রধান সংবাদ

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার চিত্রনায়ক ছেলের মরদেহ উত্তোলন

চাঁদপুর প্রতিবেদক :  আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খান বাড়ির পারিবারিক কবরস্থান থেকে প্রথমে সেলিম খানের মরদেহ এবং পরে তার ছেলে শান্ত খানের মরদেহও উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) চাঁদ মিয়া উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন। সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকিসহ একাধিক মামলা থাকার কথাও জানা যায়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষকসহ ১৬ ইভেন্টে প্রথম গৃদকালিন্দিয়া কলেজ

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ। একইসঙ্গে শ্রেষ্ঠ শিক্ষকসহ মোট ১৬টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি উপজেলার শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে কলেজ প্রাঙ্গণে শ্রেষ্ঠ কলেজের সম্মাননা স্মারক নিয়ে শিক্ষকরা ফটোসেশনে অংশ নেন। এর আগে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। জাতীয় শিক্ষা সপ্তাহে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. আবদুল বাতেন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।  এছাড়া বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীরা হলেন ক্বেরাতে জান্নাতুল ফারিয়া, হামদে সুমাইয়া আক্তার মিম, নাতে সুমাইয়া আক্তার মিম, বাংলা রচনায় জান্নাতুল ফারিয়া, ইংরেজি রচনায় সাহিদা আক্তার, কবিতা আবৃত্তিতে আরিফা আক্তার, দেশাত্মবোধক গানে রাবেয়া আক্তার, রবীন্দ্র সংগীতে সানজিদা আক্তার, নজরুল সংগীতে মাহিদ হাসান, নির্ধারিত বক্তব্যে আয়েশা আক্তার জুই, লোক সংগীতে সানজিদা আক্তার, তাৎক্ষণিক অভিনয়ে ইসরাত জাহান আফরিন, উপস্থিত বক্তব্যে আয়েশা আক্তার জুঁই এবং দেয়াল পত্রিকায় ইসরাত জাহান আফরিন ও তার দল। কলেজের বিতর্ক, সাহিত্য ও সংস্কৃতি ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক গৌরী রানী সাহা বলেন, ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ ও নানা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহে এই সাফল্য এসেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, এই অর্জন শুধু একটি বড় প্রতিষ্ঠানের একক সাফল্য নয়। এর পেছনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে। তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সঞ্জয় ভৌমিক, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কে কে এম মাসুম, আইসিটি বিভাগের সরকারী অধ্যাপক পরেশ চন্দ্র দাস, পদার্থ বিজ্ঞানের বিভাগের সরকারি অধ্যাপক সুরেশ্বর বনিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, ফরিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সরকারী অধ্যাপক আব্দুল হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক অশোক কুমার সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহানারা আক্তার, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, মার্কেটিং বিভাগের প্রভাষক জসীম উদ্দিন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজির হোসেন, বাংলা বিভাগের  প্রভাষক মার্জিয়া আক্তার, ইতিহাস বিভাগের প্রভাষক ফারজানা আক্তার-সহ আরও অনেকে।

Scroll to Top