আবদুল বাতেন :
‘তর্কে নয়, যুক্তিতেই জয়’—স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হয়েছে আন্তঃউপজেলা বিতর্ক উৎসব ২০২৬। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়।
প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের পাঁচটি বিভাগে ১৪টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আনিসুর রহমান বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর পাশাপাশি যুক্তিবাদী হতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি উপজেলা পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার এই সময়ে শিক্ষার্থীদের আরো গতিশীল ও দক্ষ এবং বাস্তববাদী চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিতর্ক উৎসবের পরবর্তী পর্বে আগামী শনিবার আরও ১৪টি দল প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, গঠনমূলক বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও উৎসাহিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
