নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)-র মালিকানাধীন সরকারি খালপাড়ের গাছ বিক্রির অভিযোগে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কাজীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের ১৯-বি আনন্দ বাজার খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন রেইন ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সম্পত্তিতে থাকা গাছ প্রকাশ্যে বিক্রি ও কাটার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।
গাছের ক্রেতা স্থানীয় হারুনুর রশিদ বলেন, “আমি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীদের কাছ থেকে টাকা দিয়ে গাছ কিনেছি। তাই গাছ কেটে নিয়েছি।” তবে গাছগুলো সরকারি সম্পত্তি কি না–এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, “সরকারি খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী বলেন, “যেখান থেকে গাছ বিক্রি করা হয়েছে, সেটি আমাদের দুই পরিবারের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। গাছগুলো আমার শ্বশুরের হাতে লাগানো। তাই এগুলো আমরা বিক্রি করেছি।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সরকারি সম্পত্তির গাছ বিক্রির অভিযোগের সত্যতা এবং জমির প্রকৃত মালিকানা নির্ধারণে তদন্তের ফলাফলের দিকেই এখন নজর স্থানীয়দের।
