কাজী ইমাম, ওমান প্রতিনিধি :
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে। তবে এই সুযোগ সব ধরনের কর্মীর জন্য নয়; শুধুমাত্র কৃষি শ্রমিক (মাজরা) পেশায় ওমানে যেতে আগ্রহীদের জন্য সীমিত পরিসরে এই ভিসা চালু করা হয়েছে।
জানা গেছে, ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে দেশটির শ্রম মন্ত্রণালয় বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য কাজের ভিসা অনুমোদন দিয়েছে। তবে ভিসা ইস্যুর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু এলাকা ও শর্ত নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র আল দাহিরাহ প্রদেশের ইব্রি, ধাংক ও ইয়ানকুল অঞ্চলের নিবন্ধিত খামারগুলো বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগ করতে পারবে। এসব এলাকায় নিবন্ধিত খামারের সংখ্যা সীমিত হওয়ায় মোট ভিসার সংখ্যাও সীমিত থাকবে।
নিয়োগকর্তাদের জন্য বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ওমান কৃষি সমিতির আল দাহিরাহ শাখার সদস্যপদ গ্রহণ এবং বার্ষিক ২৫ ওমানি রিয়াল ফি পরিশোধ। এছাড়া আবেদনপত্রের সঙ্গে কৃষি জমির মালিকানার দলিল, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত বৈধ ওয়ার্ক পারমিট জমা দিতে হবে।
এছাড়া ২০২৬-২০২৭ মৌসুমের জন্য ফসল ও কৃষি এলাকার বিস্তারিত তথ্য উল্লেখ করে ‘কৃষি ক্যালেন্ডার ফর্ম’ পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
নির্ধারিত এলাকাগুলোর নিবন্ধিত খামার মালিকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশি কৃষি শ্রমিক আনার জন্য আবেদন জমা দিতে পারবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিবন্ধিত খামার মালিকদের মাধ্যম ছাড়া বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে না পড়ে নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় তথ্য যাচাই করে আবেদন করার জন্য আগ্রহীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
