নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. ওসমান বেপারী (৪০) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভোলাচো গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী দায়ের করা একটি মামলায় (নং-৩৬৯/২২) চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ওসমান বেপারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এএসআই অরূপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাজাপ্রাপ্ত আসামি ওসমান বেপারীকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে একই দিন দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
