নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) শোল্লা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য খেলায় ট্রাইবেকারে ফরিদগঞ্জ যুবদল, স্বেচ্ছাসেবকদল জয়লাভ করে।
ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বিত দল বনাম ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের মধ্যকার জমজমাট খেলাটি নির্ধারিত সময়ের পরও গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫–৪ গোলে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। তারা নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন উপস্থিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদুল ইসলাম ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, ১০নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী, ১২নং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি সালাউদ্দিন, ১৪নং ইউনিয়ন বিএনপি নেতা আরিফ পাটওয়ারী প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হান্নানের পুত্র আবদুল্লাহ হান্নানের উদ্যোগে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
