নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের নাট্যচর্চাকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করে তুলতে নটমঞ্চ চাঁদপুরের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি রোটা. উজ্জ্বল হোসাইনের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পিএম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটি পুনর্গঠন, নতুন নাটকের মহড়ার সময়সূচি নির্ধারণ, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, একটি সাংস্কৃতিক সংগঠনের প্রাণশক্তি হলো সদস্যদের নিয়মিত অংশগ্রহণ, আন্তরিকতা ও সৃজনশীল উদ্যোগ। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজের অসঙ্গতি, বৈষম্য ও নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির অন্যতম কার্যকর শিল্পমাধ্যম। তাই নিয়মিত মহড়া, মানসম্মত নাটক মঞ্চায়ন এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। এ লক্ষ্যে নতুন নাট্যকর্মী তৈরি, প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন দিবসে নাট্য পরিবেশনের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নটমঞ্চ চাঁদপুরকে জেলার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সক্রিয় সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ, নিয়মিত চাঁদা আদায়, কার্যক্রম সম্প্রসারণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এছাড়া নিয়মিত সভা, মহড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী রাসেল, যুগ্ম সম্পাদক কবির হোসেন মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মরিয়ম আক্তার রাহা, নারী বিষয়ক সম্পাদক মুক্তা, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, কার্যনির্বাহী সদস্য পিএম বিল্লাল হোসাইন, শৈবাল মজুমদার, মোর্শেদ আলম জয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভা শেষে উপস্থিত সবাই নটমঞ্চ চাঁদপুরকে একটি শক্তিশালী, সৃজনশীল ও জনসম্পৃক্ত সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে শিগগিরই নতুন নাটকের মহড়া শুরু এবং ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
