৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানুষ হাহাকার করে না, কারণ ফ্যাসিবাদ ফিরে আসবে

তারেক রহমান তারু

মানুষ হাহাকার করে না,
কারণ—
ভয়ের দেয়ালে এখনও শুকায়নি ইতিহাসের রক্ত।
কেউ বলে,
“চুপ থাকো, নইলে আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ”

তাই ক্ষুধা আজ কথা বলে না,
চালের দাম আগুন হলেও
চুলোর ধোঁয়া আকাশে প্রশ্ন লেখে না।
ন্যায়বিচার কাঁদে,
অধিকার শৃঙ্খলে বাধা পড়ে,
তবু রাজপথে নীরবতার পাহারা।

কী বিচিত্র এই দেশ!
এক দুঃস্বপ্নের ভয়ে
আরেক দুঃস্বপ্নকে বুকে নিয়ে বাঁচে মানুষ।
এক অত্যাচারের ক্ষত শুকায় না,
অন্য অবহেলার বিষ ছড়িয়ে পড়ে চারদিকে।

আমি বলি—
ভয়কে রাজনীতি বানিও না!
মানুষকে এমন দ্বিধার কারাগারে রেখো না,
যেখানে প্রতিবাদ মানেই
অতীতের অন্ধকারে ফিরে যাওয়ার আতঙ্ক।

দেশ কোনো ব্যক্তি নয়,
দেশ কোনো দলের সম্পত্তিও নয়।
দেশ মানে মানুষের অধিকার,
দেশ মানে ন্যায়, রুটি, স্বাধীন কণ্ঠ,
দেশ মানে মাথা উঁচু করে বেঁচে থাকার সাহস।

যেদিন মানুষ বুঝবে—
স্বৈরাচারের ভয় দেখিয়ে
গণতন্ত্রকে চুপ করিয়ে রাখা যায় না,
সেদিন রাজপথ আবার জেগে উঠবে।

মানুষ হাহাকার করে না—
তাই বলে মানুষ মরে যায়নি।
নীরবতার বুকেও আগ্নেয়গিরি ঘুমিয়ে থাকে।
যেদিন সে জেগে উঠবে,
সেদিন প্রশ্নের সামনে
ক্ষমতার সব সিংহাসন কেঁপে উঠবে।

সেদিন মানুষ বলবে—
আমরা কাউকে ফিরিয়ে আনতে চাই না,
আমরা শুধু এমন একটি বাংলাদেশ চাই,
যেখানে ভয়ের নয়,
মানুষের জয় হবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top