টিটু হোসেন :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কাছিয়াড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (সিজন ১) এর খেলা। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় একুশে ক্লাব চাঁদপুর ও ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন, ফরিদগঞ্জ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় একুশে ক্লাব চাঁদপুর।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাংবাদিক ফখরুল পাঠান, রফিকুল ইসলাম বিএসসি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
কাছিয়াড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (সিজন ১)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ ফারুক পাটোয়ারী। টুর্নামেন্টটির আয়োজন করেছে ঐক্যবদ্ধ কাছিয়াড়া স্পোর্টিং ক্লাব এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আহমেদ ফারুক পাটোয়ারী।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে প্রাণবন্ত এ ম্যাচ উপভোগ করেন। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও জমজমাট লড়াই হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
