মামুন পাটওয়ারী, রিয়াদ :
সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির দাম্মাম শহরে কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়াপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় সাড়ে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।
স্থানীয় সূত্রে জানা যায়, দাম্মাম শহরে নিজের কর্মস্থলে নির্মাণকাজ করছিলেন খাইরুল ইসলাম। এ সময় হঠাৎ একটি ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে এসে তার বুকে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খাইরুল ইসলামের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।
