নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লতিফগঞ্জ-আমিরা বাজার সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় না থেকে সড়কটি সংস্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন স্থানীয় জনগণ।
সোমবার (২৪ আগস্ট) মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় কয়েকজন যুবক ও বিভিন্ন পেশার মানুষ মিলে ইটের আদলা ও বালু দিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেন।
স্থানীয়রা বলছেন, সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। সড়কটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কার্যকর উদ্যোগ দেখা না গেলেও মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষ নিজ উদ্যোগে মেরামতের কাজে নেমেছেন।
স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। মানুষের চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।
মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এ কাজে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. আব্দুর রাজ্জাক, গাজীনূর মোহাম্মদ, সুমন পাটওয়ারী, ফখরুল ইসলাম পাটওয়ারী, মো. ইকবাল বেপারী, মো. অলি ভূঁইয়া, মো. মানিক হাজী, মো. আলমগীর পাটওয়ারী, মো. জসিম মিজি (ব্যবসায়ী), মো. সাইফুল ইসলাম (ভুট্টু), মো. সুজন মিজি, মো. দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. জসিম (কন্ট্রাক্টর), মো. মিলন পাটওয়ারী (প্রবাসী), মো. ইসমাইল (প্রবাসী), মো. মামুন পাটওয়ারী (প্রবাসী), মো. তারেক ভূঁইয়া (প্রবাসী), মো. রাজু খান-সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের প্রত্যাশা, স্বেচ্ছাশ্রমে করা এ উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে লতিফগঞ্জ ও আমিরা বাজার এলাকার সাধারণ মানুষ মুক্তি পাবেন।
