টিটু হোসেন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ আলিম মাদ্রাসাসংলগ্ন কালভার্টের পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ার পর ইতোমধ্যে কালভার্টটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এর পূর্বে গত ১৯ আগস্ট বুধবার হঠাৎ করেই চলাচলের পথে মধ্যখানে গর্তের সৃষ্টি হলে তৎক্ষণাৎ তৎকালীন ইউএনও সেটু কুমার বড়ুয়া এবং এলাকার চেয়ারম্যান শেখ রাজন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করেন। তারই ধারাবাহিকতায় অবশেষে সম্পন্ন হলো সেই সংস্কারকর্ম।
দীর্ঘদিনের প্রয়োজনীয় এই কাজটি দ্রুত সম্পন্ন হওয়ায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। কালভার্টটি চালু হওয়ায় এলাকার মানুষের চলাচল আরও সহজ ও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান শেখ রাজন আহমেদ বলেন, “যারা আমাকে এই কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সাবেক ইউএনও স্যারকেও আন্তরিক ধন্যবাদ জানাই তাঁর সহযোগিতা ও আন্তরিকতার জন্য।”
তিনি আরও বলেন, স্থানীয় মানুষের প্রয়োজন ও দুর্ভোগের কথা বিবেচনা করেই দ্রুত কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
