মামুন পাটোয়ারী, সৌদি আরব প্রতিবেদক :
বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রেরিত একটি পত্র সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও জোরদার করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফর বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়টিও বৈঠকে তুলে ধরেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের মূল্যবান অবদানেরও প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুলকরিম আল-খারিজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
