নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার আগামী ২০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সঞ্চালনায় কর্মশালায় মহাপরিকল্পনা প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সেলটেক কনসালটেনস (প্রা.) লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট শাহাদাত হোসাইন, সহকারী নগর পরিকল্পনাবিদ তৌফিক আহমেদ রায়হান ও শোমিনুর রহমান খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় বক্তব্য রাখেন পৌরসভার সহায়ক কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-আমিন হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইইউজিআইপি প্রকল্পের প্রকৌশলী ও পরামর্শক আরিফুল ইসলাম শিমুলসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, টিএলসিসি ও ডব্লিউএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় আয়োজিত কর্মশালায় পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন, নগর পরিকল্পনা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ২০ বছরের জন্য পৌরসভার পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
