নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ থেকে ৯০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার খাজুরিয়া বাজার, ভাটিয়ালপুর, পূর্ব গুলিশা ও পূর্ব গোবিন্দপুর এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন খাজুরিয়া বাজার এলাকা থেকে আটক মো. হোসেন (২২), তাকে ৯০ দিনের কারাদণ্ড; ভাটিয়ালপুর এলাকা থেকে আটক এমরান শেখ (৪৪), তাকে ২০ দিন এবং মো. সফিক (৪০), তাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পূর্ব গুলিশা এলাকা থেকে আটক মো. মিরাজ শেখ (২৩)-কে ৬০ দিন এবং পূর্ব গোবিন্দপুর এলাকা থেকে আটক শরিফ খান (২৭)-কে ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
