নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জে হজ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কসমিক এয়ার ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ পালনে আগ্রহীদের জন্য এই সেমিনারের আয়োজন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনারের কার্যক্রম শুরু হয়।
কসমিক হজ গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হজের সঠিক নিয়মাবলি ও সহিহ পদ্ধতিতে পবিত্র হজ পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, মাদ্রাসাতুল হাদিস, ঢাকা’র সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাদানী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, হর্নি দুর্গাপুর ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইউনুস।
সেমিনারে বক্তারা বলেন, যারা ২০২৭ সালে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন, তাদের জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের সঠিক নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং পবিত্র হজ পালনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যেই এই আয়োজন। আল্লাহর মেহমানদের খেদমতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। হজের প্রস্তুতি নিই সঠিক জ্ঞান ও সুন্নাহর আলোকে।
