ফরিদগঞ্জ প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ও শোকেস ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চুরি-আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামের গাবতলী এলাকায় সৌদি প্রবাসী ইসমাইল হোসেন মামুনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পেছনের মূল দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে স্টিলের আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ঘরের মূল্যবান মালামাল তছনছ করে। এসময় আলমারি ও শোকেস থেকে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী প্রবাসীর বোন বিপুল আক্তার বলেন, “বৃহস্পতিবার বিকেলে আমরা স্বজনের বাড়িতে বেড়াতে যাই। পরদিন সকালে বাড়ি ফিরে দেখি দরজার তালা কাটা অবস্থায় ঝুলে আছে। ঘরের ভেতরে ঢুকে দেখি আসবাবপত্র তছনছ অবস্থায়। স্টিলের আলমারি ও শোকেস ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। এখন আমরা চোর ডাকাতের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।”
স্থানীয় বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন, শোয়াইব হোসেন, আল আমিনসহ অনেকে জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পরও চোর চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া কিংবা লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে আইনের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। তারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক কারবারও বেড়েছে। তাদের ধারণা, মাদকচক্রের সঙ্গে জড়িত কেউ কেউ চুরির ঘটনার সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত কয়েকদিন আগে ওই ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকা থেকে কয়েকজন চোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
