৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরকারি নিবন্ধনকৃত সমাজসেবা ও যুব সংগঠন ঐতিহ্যবাহী ‘খাজুরিয়া ইয়থ ক্লাব’-এর নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়। 

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কমিটি অনুমোদনের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়। দাখিলকৃত কাগজপত্র সন্তোষজনক হওয়ায় ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

স্মারক নং- ৪১.০১.১৩০০.০০০.০০০.২৮.০০০৬.২৪.২৯৭-এ উল্লেখ করা হয়, নিবন্ধন নম্বর চাঁদ/১০৬

(১৫৪/১৪৯০/৬৪৭৫)৮৭ এবং ৬ নভেম্বর ১৯৬৪ তারিখে নিবন্ধিত ‘খাজুরিয়া ইয়থ ক্লাব’-এর নবগঠিত কার্যকরী কমিটিকে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. এমরান হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মিজি, সহ-সভাপতি মো. আবুল কাসেম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেম্বার ও খোরশেদ আলম মানিক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক পারভেজ মোশারফ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম তপদার, সাংস্কৃতিক সম্পাদক মো. সরোয়ার হোসেন চৌধুরী, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন নুরু, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহাতাব উদ্দিন পাটোয়ারী এবং সদস্য হিসেবে রয়েছেন শাজাহান ভূঁইয়া, সালাউদ্দিন সজিব ও ইয়াসিন আখন সুজন।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “এর আগেও আমি এই পদে দায়িত্ব পালন করেছি। ক্লাবের ঐতিহ্য ধরে রাখা এবং এলাকার যুবসমাজকে আরও সংগঠিত করার জন্য আমরা কাজ করব। সামাজিক উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে আমাদের প্রচেষ্টা থাকবে।”

যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক ভূঁইয়া বলেন, “আমি একই পদে পূর্বেও দায়িত্ব পালন করেছি। নতুন কমিটির সবাইকে নিয়ে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করব। যুবকদের দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া এবারের কমিটিতে তরুণদেরও স্থান দেওয়া হয়েছে। আশা করি, নবীন-প্রবীণের সমন্বয়ে ক্লাবটি আরও ভালোভাবে এগিয়ে যাবে।”

জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদনপত্রে কমিটিকে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট দাখিল, নিবন্ধন সনদের নাম, নম্বর ও তারিখ সঠিকভাবে ব্যবহারসহ অনুমোদনপত্রে উল্লেখিত অন্যান্য শর্ত যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।

দীর্ঘদিনের পথচলায় খাজুরিয়া ইয়ুথ ক্লাব স্থানীয় যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি খেলাধুলা, গণশিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। সরকারি সমাজসেবা কার্যালয়ের নিবন্ধিত তথ্য অনুযায়ী, ক্লাবটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে খেলাধুলার আয়োজন, গণশিক্ষা বিস্তার, বৃক্ষরোপণ, বিভিন্ন জাতীয় ও সামাজিক দিবস উদযাপন, পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টি, দুস্থ মানুষের সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান। এসব কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্লাবটি স্থানীয় যুবসমাজের বিকাশ ও জনকল্যাণে অবদান রেখে আসছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top