নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ‘কিলার মাসুদ’ নামে পরিচিত মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে। তিনি ফরিদগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক দিকনির্দেশনায় এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, কিলার মাসুদ একসময় ঢাকার আলোচিত অপরাধী পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ২০০৪ সালের ২৬ জুন পিচ্চি হান্নান র্যাবের অভিযানে নিহত হওয়ার পর মাসুদ আত্মগোপনে চলে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. শামছুল হক ভূঁইয়ার হাত ধরে মাসুদুল করিম ফরিদগঞ্জে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন এবং একপর্যায়ে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ওই সময় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন বলে স্থানীয়দের দাবি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ফরিদগঞ্জ থানা ও ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদকে’ গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
