ক্যাম্পাস প্রতিবেদক, গৃদকালিন্দিয়া কলেজ :
‘যুক্তির নিরিখে সত্য উন্মোচন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলেজের অডিটোরিয়ামে এ সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৯টি দলের মধ্য থেকে নির্বাচিত চারটি দল দুটি বিষয়ের ওপর বিতর্কে অংশ নেয়।
প্রথম বিতর্কের বিষয় ছিল—“নগরায়ন পরিবেশ বিপর্যয়ের মূল কারণ”। এ বিষয়ে শহীদ আবু সাঈদ দল পক্ষে এবং শহীদ মীর মুগ্ধ দল বিপক্ষে অবস্থান নেয়। অন্যদিকে—“সামাজিক যোগাযোগ মাধ্যমই যুবসমাজের একাকীত্বের প্রধান কারণ” বিষয়ে শহীদ ওয়াসিম দল পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদী দল বিপক্ষে যুক্তিতর্কে অংশ নেয়।
দুই বিতর্কেই বিপক্ষ দল বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন শহীদ মীর মুগ্ধ দলের দলনেতা আরিফা আক্তার এবং শহীদ শরীফ ওসমান হাদী দলের দলনেতা তানহা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। বিচারকের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান গৌরী রানী সাহা, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান পরেশ চন্দ্র দাস এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাজির হোসেন। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুল বাতেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কে কে এম মাসুম, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুরেশ্বর বণিকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, জ্ঞানচর্চা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
