গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসা।
প্রতিযোগিতায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা ৪টি বিভাগে প্রথম, ১টি বিভাগে দ্বিতীয় এবং ২টি বিভাগে তৃতীয় স্থান অর্জন করে তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে। বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল শাখার ‘খ’ গ্রুপ থেকে গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিশা ইসলাম অভিনয় প্রতিযোগিতায় উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
অন্যদিকে, মাদ্রাসা ইবতেদায়ী শাখার ‘খ’ গ্রুপে মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী জারিন আক্তার ইসলামী সংগীত ও হামদ-নাত প্রতিযোগিতায় এবং একই শ্রেণির ছাত্রী সাকিব্বুন্নার কবিতা আবৃত্তিতে প্রথম স্থান লাভ করে।
মাদরাসা দাখিল শাখার ‘ক’ গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার বিথি কবিতা আবৃত্তিতে দ্বিতীয় এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়া দাখিল ‘খ’ গ্রুপে তাহিয়া আক্তার ইসলামী সংগীতে তৃতীয় স্থান অধিকার করেছে। উল্লেখ্য, একই গ্রুপের রচনা প্রতিযোগিতার ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে উত্তীর্ণ সেরা প্রতিযোগীদের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে তাদের আরও সাফল্য কামনা করেন।
উপজেলা পর্যায়ের বাঁধা পেরিয়ে সফল এই বিজয়ী শিক্ষার্থীরা চলতি মাসেই অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
