৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আবদুল বাতেন :

লক্ষ্মীপুরের রায়পুরের কৃতী সন্তান ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. মহিউদ্দিন রুমান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ২০২৫ সালের পরীক্ষায় জাতীয় মেধায় ৬ষ্ঠ স্থান অর্জন করে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী হিসেবে পরিচিত রুমান ২০২০ শিক্ষাবর্ষে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে ভর্তি হন। এর আগে তিনি রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এইচএসসিতে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেন তিনি।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭তম স্থান অর্জন করে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন মহিউদ্দিন । ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি সম্পন্ন করে বর্তমানে একই বিভাগের এলএলএমে অধ্যয়নরত রয়েছেন।

মো. মহিউদ্দিন রুমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মো. সদুমিয়া ও তাছলিমা বেগমের ছেলে। মহিউদ্দিনের সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

সাফল্যের অনুভূতি জানিয়ে মো. মহিউদ্দিন রুমান বলেন, আমার এই সফলতা কোনো একক প্রচেষ্টার ফসল নয়। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও অনুপ্রেরণা আমাকে সবসময় উৎসাহিত করেছে। আমি সবার কাছে দোয়া চাই। 

রুমানের এ অর্জনে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার সাফল্য ভবিষ্যতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top