টিটু হোসেন :
কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্যানিটারি হাইজিন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়াতে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘Empowering Her: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচি’।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), ফরিদগঞ্জ উপজেলা। এতে সহযোগিতা করে ফরিদগঞ্জের হেলথকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।
কর্মসূচিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইনি, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যায় অভিজ্ঞ ডা. মাহাবুবা আক্তার।
আলোচনায় কিশোরীদের বয়ঃসন্ধিকালে শরীর ও মনে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাসিককালীন স্বাস্থ্যবিধি, স্যানিটারি হাইজিন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় কিশোরীদের বিভিন্ন প্রশ্ন, সংশয় ও প্রচলিত ভুল ধারণা দূর করতে আয়োজন করা হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে অংশগ্রহণকারী কিশোরীরা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে নিজেদের বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পায় এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেয়।
আয়োজকরা বলেন, বয়ঃসন্ধিকাল কিশোরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতার অভাবে কিশোরীদের মধ্যে অস্বস্তি, ভয় ও ভুল ধারণা তৈরি হতে পারে। তাই কিশোরীদের কাছে সঠিক স্বাস্থ্যতথ্য পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে নির্ভয়ে কথা বলার পরিবেশ তৈরি করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিতে মূলত বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্যানিটারি হাইজিন এবং উন্মুক্ত প্রশ্নোত্তর- এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
