টিটু হোসেন :
খেলাধুলার প্রতি ভালোবাসা ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে চাঁদপুরের ফরিদগঞ্জে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী ও ট্রফি প্রদান করেছেন উপজেলার সাবেক গোলরক্ষক ও ক্রীড়াপ্রেমী হাজী মো. মনির হোসেন পাটোয়ারী।
রোববার (৩০ আগস্ট) পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের মাঝে তার উদ্যোগে ২ সেট টি-শার্ট প্রদান করা হয়। একই সঙ্গে খেলোয়াড়দের উৎসাহিত করতে ফুটবল খেলায় পুরস্কার হিসেবে ৩টি ট্রফি উপহার দেন তিনি।
ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনে একসময় নিজের দক্ষ গোলকিপিং দিয়ে সুনাম অর্জন করা হাজী মো. মনির হোসেন পাটোয়ারী দীর্ঘদিন ধরেই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে আসছেন। নিজের ক্রীড়াজীবনের অভিজ্ঞতা ও খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিয়েছেন তিনি।
টি-শার্ট ও ট্রফি পেয়ে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। খেলোয়াড়দের মতে, এ ধরনের সহযোগিতা তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় খেলোয়াড় ও স্থানীয়রা হাজী মো. মনির হোসেন পাটোয়ারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
টি-শার্ট ও ট্রফি প্রদানের সময় আলাউদ্দিন পাটোয়ারী, পারভেজ আহমেদ ও মোয়াজ্জেম মুন্সী-সহ অনেকেই উপস্থিত ছিলেন।
