টিটু হোসেন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং যুবসমাজকে মাঠমুখী করার প্রত্যয়ে রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
ক্লাবের খেলোয়াড়দের জন্য জার্সিগুলো প্রদান করেন ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মো. মামুন হোসেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
মো. মামুন হোসেন বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে যুবসমাজ শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্যবোধ অর্জনের সুযোগ পায়।
মামুন হোসেন আরও বলেন, রামদাসেরবাগে আবারও খেলাধুলার প্রাণচাঞ্চল্য ফিরে আসুক– এটাই প্রত্যাশা করি। এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি সবসময় যুবসমাজের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, শুধু টুর্নামেন্ট আয়োজন করলেই হবে না; নিয়মিত খেলাধুলার চর্চা, ভালো মাঠ এবং তরুণদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জার্সি উন্মোচনকে ঘিরে রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন জার্সি পেয়ে খেলোয়াড়দের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এমন উদ্যোগ রামদাসেরবাগের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে। পাশাপাশি তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিয়মিত খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজের অগ্রযাত্রা এবং একটি সুস্থ সমাজ গঠনে রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
