নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় চলমান রয়েছে নিরাপদ অভিবাসন ইস্যুতে সিমস্ ফেইজ-২ প্রকল্প। জনসচেতনতা বৃদ্ধি করে অভিবাসী কর্মীদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সিসিডিএ বাস্তবায়ন করছে এ প্রকল্পটি।
প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের সূত্র অনুযায়ী বৃহস্পতিবার (৬ আগস্ট) ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালি গ্রামে প্রতি মাসের ন্যায় এ মাসেও ৩০ জন সম্ভাব্য বিদেশগামীদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রাক-সিদ্ধান্ত গ্রহণ প্রশিক্ষণ।
সোস্যাল মোবিলাইজার তারেক রহমান তারুর পরিচালনায় এবং প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলার সমন্বয়ক মাহমুদুল হাসানের প্রশিক্ষণ পর্বে এদিন উপস্থিত ছিলেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন সৃষ্টি করতে হলে সচেতনতার বিকল্প নেই। আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ বিদেশ গিয়ে প্রতারিত হচ্ছে, দক্ষতার অভাবে লাভবান হতে পারছে না। সিসিডিএ এই প্রকল্পের মাধ্যমে যে তথ্যগুলো দিচ্ছে, তা মেনে চলার চেষ্টা করবেন সকলে।
এসময় তিনি দক্ষতা অর্জনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সচেতন হয়ে বিদেশ গমন করলে নিরাপদ অভিবাসন তৈরি হবে।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাশিদা বেগম, সিসিডিএ ফরিদগঞ্জ উপজেলা ব্যবস্থাপক মো. মহসিন, সোস্যাল মোবিলাইজার ফারিজ বিন ফারুক, এনামুল হাসান প্রমুখ।
পুরো প্রশিক্ষণ জুড়ে প্রাণবন্ত আলোচ্য বিষয়গুলো নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করেন প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণার্থী মাহবুব জানান, এ ধরনের প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপযোগী। ওনারা যেভাবে একদম লাভ-ক্ষতির হিসাব থেকে শুরু করে পারিবারিক ব্যবস্থাপনা পর্যন্ত আমাদের বুঝিয়ে দেন, এটা খুবই ভালো বিষয়। এ ধরনের প্রশিক্ষণ সবখানে হওয়া উচিত।
