কাজী ইমাম, ওমান প্রতিনিধি :
সালতানাত অব ওমানের সালালাহ ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান করতে বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট।
দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত সালালাহর হামদান প্লাজা হোটেলে এ সেবা কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৬, ৭ ও ৮ আগস্ট প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ৯ আগস্ট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রবাসীরা সরাসরি বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন।
ক্যাম্পে নতুন ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, জন্মনিবন্ধন ও জন্মনিবন্ধন সংশোধন, আইনি সহায়তা প্রদান, আউটপাসের আবেদন গ্রহণ, বিভিন্ন নথি সত্যায়ন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন এবং এনওসি (NOC) প্রদানসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব ধরনের সেবা গ্রহণের জন্য আবেদনকারীকে অবশ্যই স্বশরীরে উপস্থিত থাকতে হবে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের উপস্থিতির প্রয়োজন হবে না।
এছাড়া সেবাগ্রহীতাদের দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইট amardutabashmuscat.org থেকে আগেই নির্ধারিত সময়ের জন্য শিডিউল গ্রহণ করে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
