ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
নতুন কোনো কর আরোপ না করে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করেছে ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্লিম উল্যা সেলিম এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা।
অন্যদিকে মোট রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা এবং রাজস্ব উদ্বৃত্তসহ উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।
নতুন কোনো কর আরোপ ছাড়াই ঘোষিত এ বাজেটের মাধ্যমে নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
