স্টাফ রিপোর্টার :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ আজ শনিবার (২৬ জুলাই) থেকে শুরু হয়েছে। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলা এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে।
প্রশিক্ষণের প্রথম দিনে ফরিদগঞ্জ প্রেসক্লাব ও হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। আধুনিক সাংবাদিকতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবাদ সংগ্রহ, মোবাইল জার্নালিজম (এমওজো), ভিডিও স্টোরি নির্মাণ, ছবি ও ভিডিও সম্পাদনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অবহিত করেছেন আয়োজকরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতার দক্ষতা অর্জন সময়ের দাবি। পিআইবির এ উদ্যোগ মাঠপর্যায়ের সাংবাদিকদের আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলতে সহায়ক হবে।
আগামী ২৮ জুলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি হবে।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
