ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড়ের ভেরিবাঁধ এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “আল্লাহ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কৃষি খাতে তিনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন, তাতে বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে পৌঁছাবে। একই সঙ্গে দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
