২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি টিউমার সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৩৬ বছর বয়সী ওই নারী গত তিন মাস ধরে তলপেটে তীব্র ব্যথা ও অস্বাভাবিক ফোলাভাব নিয়ে ভুগছিলেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বিশাল আকৃতির টিউমার শনাক্ত করা হয়। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

অভিজ্ঞ সার্জন ডা. মো. আরিফ উল হাসানের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এতে সহযোগী সার্জন হিসেবে ছিলেন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেসথেসিয়ার দায়িত্ব পালন করেন ডা. পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের বিষয়ে ডা. মো. আরিফ উল হাসান বলেন, “রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে তার পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়েছে।”

তিনি জানান, এর আগে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ওই নারীর পেটে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। সর্বশেষ অস্ত্রোপচারটি পঞ্চমবারের মতো ছিল তার। 

তবে অস্ত্রোপচার সফল হলেও ওই নারী গণমাধ্যমের কাছে তার নাম-পরিচয় প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে ওই নারী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ডা. আরিফ উল হাসান এর আগেও বড় আকারের ও জটিল টিউমার অপসারণ করে আলোচনায় এসেছেন। ২০২৪ সালের এপ্রিলে তিনি এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেন। চলতি বছরের জুন মাসে অন্য এক তরুণীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারও সফলভাবে অপসারণ করেন তিনি। এছাড়া পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে এনেও আলোচনায় আসেন এই চিকিৎসক। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top