মুন্সিরহাট প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছে।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজনিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।
অনুষ্ঠানে নাজনিন আক্তার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও বিদ্যালয়ের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদানে সুনামের সঙ্গে কাজ করে আসছে। এবারের ফলাফলেও বিদ্যালয়টি ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে। এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনতে পারে।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
