নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাড়ির ফটকের সামনে কাফনের কাপড়, গুলি, আতর, গোলাপজল ও সাবানসহ একটি চিঠি রেখে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হুমকি পাওয়া বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে বাড়ির ফটকের সামনে বাজারের ব্যাগের মতো একটি ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন মোল্লা। ব্যাগটি খুলে এর ভেতরে একটি হুমকির চিঠি, কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল ও সাবান দেখতে পান তারা। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি জব্দ করে।
চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তিনি ও তার পরিবারের সদস্যরা যেভাবে চলছেন, তা ভালো হচ্ছে না। নিজেদের সংশোধন না করলে ‘অদৃশ্য’ কেউ তার কাছে পৌঁছে যাবে এবং তাকে পরকালে চলে যেতে হবে বলে হুমকি দেওয়া হয়। চিঠির শেষে ‘অদৃশ্য মুসাফির’ নামে স্বাক্ষর করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, “ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি বাড়ির গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নেওয়ায় কোনো কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তবে আমি এই হুমকিতে ভয় পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।”
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
