নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা গ্রামের শামছু মুহুরীর বাড়িতে মাদকাসক্ত অবস্থায় মো. মনির হোসেন বাবু (৪০) নিজ ঘরে আগুন দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর-৫, তারিখ ৬ আগস্ট ২০২৬, জিআর নম্বর-২৪৮। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এজাহারভুক্ত একমাত্র আসামি মো. মনির হোসেন বাবুকে গ্রেফতার করেন। তিনি বিশারা গ্রামের মো. মমিনের ছেলে।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।
