নিজস্ব প্রতিবেদক :
মুজাদ্দেদে জামান আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী (রা.)-এর বেছাল শরীফ উপলক্ষে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ৫২তম ইশায়াত সম্মেলন ও ১০ম বার্ষিক ওরসে আযম মোবারক উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর (পূর্ব) চান্দ্রা দরবার শরীফে এসে পৌঁছেছেন ভারতের দরবারে আলিয়া খানকায়ে এনায়েতিয়ার সাজ্জাদানশীন, আল্লামা হাফেজ আতিকুল্লাহ খান নকশবন্দী মুজাদ্দেদী এনায়েতী।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি চান্দ্রা দরবার শরীফে পৌঁছালে দরবারের পীর ড. এস.এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী, দরবার শরীফের খাদেম, ভক্ত-আশেকান ও মুরিদানরা ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।
এর আগে গত ২৮ জুলাই তিনি ভারত থেকে ঢাকায় পৌঁছান। পরবর্তী দুই দিন ঢাকার মোহাম্মদপুর খানকা শরীফে অবস্থান শেষে শুক্রবার সকালে চান্দ্রা দরবার শরীফে আগমন করেন।
দরবার শরীফে পৌঁছেই তিনি আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী (রা.)-এর মাজার শরীফ জিয়ারত করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এদিকে, তাঁকে স্বাগত জানাতে ভক্ত-আশেকানরা ইচলি চৌরাস্তা থেকে চান্দ্রা দরবার শরীফ পর্যন্ত একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় বিপুলসংখ্যক মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, আগামী ৩ ও ৪ আগস্ট ২০২৬ (সোমবার ও মঙ্গলবার) চান্দ্রা দরবার শরীফ প্রাঙ্গণে মুজাদ্দেদে জামান আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী (রা.)-এর বেছাল শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ৫২তম ইশায়াত সম্মেলন ও ১০ম বার্ষিক ওরসে আযম মোবারক অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দেশ-বিদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং অসংখ্য ভক্ত-আশেকানের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
