কাজী ইমাম হোসেন, ওমান :
মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমান একসময় বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার ছিল। একসময় বাংলাদেশি কর্মী গ্রহণের ক্ষেত্রে দেশটি দ্বিতীয় অবস্থানে থাকলেও বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এ অবস্থান অনেকটাই পিছিয়েছে।
ওমানে বর্তমানে অবৈধ শ্রমিক ও ভিসা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন শ্রম ভিসা ইস্যু স্থগিত করা হয়। সে সময় ওমান সরকার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
পরবর্তীতে ২০২৪ সালের জুন মাসে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং পারিবারিক ভিসাসহ কয়েকটি নির্দিষ্ট শ্রেণির জন্য সীমিত পরিসরে ভিসা চালু করা হলেও সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা এখনো পুরোপুরি চালু হয়নি।
বর্তমানে ওমানে প্রায় ৬ লাখ ৮০ হাজার বাংলাদেশি বসবাস ও কর্মরত রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে ওমানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ২১ হাজার।
দীর্ঘদিন ধরে নতুন শ্রম ভিসা বন্ধ থাকায় সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন বাংলাদেশে অবস্থানরত কর্মপ্রত্যাশীরা। একই সঙ্গে ওমানে বসবাসরত অনেক বাংলাদেশি ব্যবসায়ীও শ্রমিক সংকটের কারণে ব্যবসা পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রয়োজনীয় জনবল না পাওয়ায় অনেক প্রতিষ্ঠান ও ব্যবসা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশের প্রত্যাশা, ওমান সরকার শ্রমবাজারের চাহিদা, ব্যবসা-বাণিজ্যের প্রয়োজন এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় নিয়ে দ্রুত বাংলাদেশিদের জন্য নতুন শ্রম ভিসা চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে প্রায়ই নতুন ভিসা চালুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও ওমানের শ্রম মন্ত্রণালয় কিংবা রয়্যাল ওমান পুলিশ (ROP) থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ভিসা চালুর বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক ও শ্রমবিষয়ক আলোচনা ইতিবাচকভাবে এগোলে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
