টিটু হোসেন :
চাঁদপুরের ফরিদগঞ্জের দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ খ্রিস্টাব্দে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঐতিহ্যবাহী ৬৩নং দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দায়চারা ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মাহাফুজ হোসেন রাব্বানীর সঞ্চালনায় এবং দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাঈনউদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মোস্তফা ভূঁইয়া রুবেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিএমপির উপ-পরিদর্শক (পুলিশ) এম. সাইফুল ইসলাম কল্যাণ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজার আব্দুল বারেক, জেলা ও দায়রা জজ আদালত ঢাকার এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, ঢাকা জর্জকোর্টের অ্যাডভোকেট সোহাগ মিয়া, লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহশিক্ষা ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বৃত্তি পরীক্ষার মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্থানীয়ভাবে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।
