নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১১ আগস্ট) ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
গত ১৩ মে সংঘটিত ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ১১টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এতে ৫০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালে এসব পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “আমরা কোনো সরকারি ক্ষমতায় নেই। সংগঠনের উদ্যোগে আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী সবসময় আপনাদের পাশে থাকবে।”
তিনি বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর স্থানীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সরকারি সুযোগ-সুবিধা দ্রুত পায়, সে বিষয়েও স্থানীয়ভাবে সহযোগিতার চেষ্টা করা হয়েছে।”
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “চুরি হলে কিছু না কিছু থেকে যায়, কিন্তু আগুনে সবকিছু পুড়ে গেলে আর কিছুই থাকে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই এই কষ্ট সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা এম. এ. তাহের, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. আবু হানিফ।
এ সময় ইউনিয়ন কর্মপরিষদ ও শূরা সদস্য, স্বাগতিক ওয়ার্ডের দায়িত্বশীল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
